পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট ২৪ জুন
এভিয়েশন নিউজ ডেস্ক : দীর্ঘদিন বাংলাদেশে আটকে থাকা পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের তাদের কর্মস্থলে ফেরাতে উদ্যোগ নিয়েছে লিসবনে বাংলাদেশ দূতাবাস। এরই অংশ হিসেবে আগামী ২৪ জুন ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইট পরিচালণা করবে বাংলাদেশ বিমান। জানাগেছে লিসবনে বাংলাদেশ দূতাবাস বিমানের এই ফ্লাইটটি ভাড়া হিসাবে নিয়েছে।
বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের প্রচেষ্টায় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় এই ফ্লাইট পরিচালিত হবে।
সম্প্রতি পর্তুগাল প্রবাসী আহমেদ হোসেন বিষয়টি নিয়ে ফের এগিয়ে আসেন এবং দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক প্রবাসীদের পর্তুগালে ফেরাতে উদ্যোগ নেন।
এ বিষয়ে জানতে চাইলে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজি বলেন, এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক মানুষ পর্তুগালে ফিরতে ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৬৭ জনের তালিকা বিমান কার্যালয়ে টিকিটের জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যে টিকিট বিক্রি করা শুরু করেছে বিমান। প্রতিটি ওয়ান ওয়ে ইকোনমি ক্লাস টিকিটের মূল্য ধরা হয়েছে এক লাখ ১০ হাজার এবং বিজনেস ক্লাস টিকিটের মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। বিমান কতৃপক্ষ জানিয়েছে, এখনো তালিকাভুক্তদের মধ্যে যারা টিকিট ক্রয় করেননি, তারা যেন দ্রুত টিকিট ক্রয় করে নেন। অন্যথা বিমান অন্যদের কাছে টিকিট বিক্রি করে ফেরবে।
আল রাজি বলেন, কমপক্ষে ২০০ যাত্রী হলে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করতে কোনো অসুবিধা হবে না। এখনো দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা।
