বিমানসংস্থা মালিন্দো এয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
আগামী মঙ্গলবার (৭ জুলাই) শুরু হবে ফ্লাইট পরিচালনা। তবে আপাতত বিশেষ যাত্রীরাই দেশটিতে যেতে পারবেন বলে জানা গেছে।
কারণ মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশনের কিছু বিধি-নিষেধ রয়েছে।
মালিন্দো এয়ার জানিয়েছে, ৭ জুলাই থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে মালিন্দো এয়ার।
এ ফ্লাইটে শুধু তারাই যেতে পাবেন যারা মালয়েশিয়ার নাগরিক, মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করেছেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন এবং
শিক্ষার্থী ও প্রফেশনাল ভিসায় আছেন।
জানা গেছে, মালিন্দো এয়ার শুক্রবার ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করে।
এর প্রেক্ষিতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, মালয়েশিয়ায় সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
ট্রানজিট প্যাসেঞ্জার ও পারমানেন্ট রেসিডেন্টরাই শুধু এতে যেতে পারবেন।