চট্টগ্রাম-আবুধাবি সরাসরি ফ্লাইট চালু করতে চসিক প্রশাসকের চিঠি

চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট চালুর আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বরাবরে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

রোববার (১৬ আগস্ট) দাফতরিক এ চিঠি পাঠানো হয়।

এতে চসিক প্রশাসক উল্লেখ করেন, আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চট্টগ্রামের বিশাল সংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসেন। সাম্প্রতিককালে আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে বিমান চলাচল শুরু হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রামের প্রবাসীদের উক্ত দেশসমূহে পুনরায় ফিরে যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বাংলাদেশ বিমানের টিকেট সহজলভ্য না হওয়ায় এবং চট্টগ্রাম থেকে ফ্লাইট না থাকার কারণে চট্টগ্রামের প্রবাসীরা নানাভাবে হয়রানি হচ্ছেন।

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করে দালালের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হচ্ছে মর্মে ভোক্তভুগীরা আমাদের অবহিত করেছেন। আবার অনেকেই অতিরিক্ত মূল্য দিয়েও টিকেট পাচ্ছেন না। এ হয়রানি দূরীকরণে চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত একটি দুবাইগামী ফ্লাইট চালু করা বাঞ্ছনীয়। অথবা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট কোটা সংরক্ষণ করা হলেও হয়রানি লাঘব হতে পারে।’

চট্টগ্রামের প্রবাসীদের সুবিধার্থে সপ্তাহে একটি চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাইট চালু করা কিংবা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রীর ব্যক্তিগত আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন চসিক প্রশাসক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.