ভারত থেকে বার্ড ফ্লু ঠেকাতে মুরগি ও পাখি জাতীয় প্রাণি আমদানি বন্ধ

ভারতের অন্তত ১০টি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে দেশটি থেকে বাংলাদেশে মুরগি, মুরগির বাচ্চা ও ডিম, হাঁস এবং পাখি জাতীয় প্রাণির আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতা হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে, যদিও বাংলাদেশে এখনও কোন জেলায় বার্ড ফ্লু’র সংক্রমণ দেখা যায়নি।

সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনকে সতর্কত করে চিঠি দেয়া হয়েছে যাতে অবৈধভাবে চোরাপথেও এসব প্রাণী বাংলাদেশে প্রবেশ করতে না পারে। খবর বিবিসির।

অভিযোগ রয়েছে, সীমান্তে চোরাইপথে ভারত থেকে হাঁস, মুরগি, ডিম, মুরগির বাচ্চা এবং পাখিজাতীয় প্রাণি অনেক সময় পাচার হয়ে বাংলাদেশে ঢোকে। কর্মকর্তারা বলছেন, সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত হাঁস, মুরগি ও পাখি আমদানির উপর আরোপিত এ নিষেধাজ্ঞা বাংলাদেশে বলবৎ থাকবে।

কয়েক সপ্তাহ আগে ভারতে বার্ড ফ্লু দেখা যায়। বৃহস্পতিবারে পাওয়া সর্বশেষ খবরে বলা হয়েছে, দেশটির অন্তত ১০টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে এরই মধ্যে সতর্কতাও জারি করা হয়েছে।

বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ভারতের কিছু রাজ্যে পোল্ট্রি খামারে হাঁস-মুরগি নিধন শুরু হয়েছে।খবর পাওয়া গেছে এরই মধ্যে হাজার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.