শাহরুখের ছেলে আরিয়ান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী এক টেবিলে!

চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসে থাকতে দেখা গেল শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। নেটমাধ্যমে সেই ছবি প্রকাশ পেতেই ভাইরাল।

এই প্রথম আইপিএলের নিলামে দেখা গেল দুই বলিউড তারকার সন্তানদের।

শাহরুখের ছেলে আরিয়ান ছোট থেকেই ক্রিকেট এবং কেকেআর-ভক্ত। প্রথম মৌসুম থেকে বাবার সঙ্গে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে। সংযুক্ত আরব আমিরাতে গত মৌসুমের আইপিএলেও একাধিক ম্যাচে হাজির ছিলেন তিনি। কিন্তু এর আগে কোনওদিন নিলামে উপস্থিত থাকতে দেখা যায়নি।

জুহির মেয়ে জাহ্নবীরও তাই। মায়ের সঙ্গে তিনি খেলা দেখতে গিয়েছেন বটে, কিন্তু নিলামে থাকেননি। এদিন শুধু ছিলেনই না, নিলামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে তাকে। জাহ্নবীকে নিলামের তরুণতম অংশগ্রহণকারী বলা হচ্ছে।

শাহরুখ এবং জুহি কেকেআরের অন্যতম মালিক। এর আগে জুহিকে নিলামে থাকতে দেখা গেলেও শাহরুখকে দেখা যায়নি।
এদিন অবশ্য দু’জনের কেউই ছিলেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.