তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ৭ই মার্চ পালন করে না তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
৭ই মার্চকে অস্বীকার করে আমাদের স্বাধীনতাযুদ্ধ হয় না।
আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না।
আজ সোমবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
ড. হাছান বলেন, ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তর করেছিলেন।
ইতিহাসের পাতায় এটি একটি অসাধারণ ভাষণ।
আজকে যারা ৭ মার্চকে স্বীকার করে না, তারা আসলে স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়েই প্রশ্ন দেখা দেয়।
