রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল তাদের কর্মকাণ্ড।
পথচারীদের ভয়ভীতি দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিতো ছিনিয়ে। তাদের কাছে থাকতো চাকু-ব্লেড।
বাধা দিলেই এসব দিয়ে জখম করতো।
এই ছিনতাই চক্রের চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন- মো. জাহিদ ওরফে বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬)।
সোমবার (২১ মার্চ) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাবের একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর শাহবাগ এলাকায় কয়েকজন ছিনতাইকারী দীর্ঘদিন ধরে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে এবং জখম করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকারের মতো মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রোববার শাহবাগ এলাকায় অভিযান চালায়।
এসময় দুটি চাকু, দুটি ব্লেড, দুটি মোবাইল ও নগদ দুই হাজার ৭৭০ টাকাসহ চার ছিনতাইকারীকে আটক করা হয়।
