হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা।
ঢাকার আশপাশের জেলাতেও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
ঘণ্টায় ৫০ জনের বেশি রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মহাখালী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
প্রতিষ্ঠানটি বলছে, রোগীদের সিংহভাগই বয়সে তরুণ।
তারা তীব্র পানিশূন্যতা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালটিতে আসছেন।
২০১৮ সালের এপ্রিলের পর চলতি মাসে এতো রোগী দেখছেন তারা।
চিকিৎসকরা বলছেন, চলমান তাপদাহের কারণে আমাদের শরীরে পানির চাহিদা বেড়েছে।
তৃষ্ণা মেটাতে খোলা জায়গায় শরবত ও আখের রস পান করছেন অনেকেই।
নোংরা পরিবেশে তৈরি করা এসব পানীয়তে ব্যবহার হচ্ছে দূষিত পানি। এসব পান করার ফলেই তরুণদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসার আগে দুই একজন রোগীর মৃত্যুর হলেও মহাখালীর হাসপাতালটিতে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।