সংকট কাটছেই না বাংলাদেশ বিমানের। শুধু গেল এক মাসের মধ্যেই তিনটি এয়ারক্রাফটে ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েন কলকাতা, দিল্লি আর কাতারের দোহাগামী যাত্রীরা।
এবার দোহার পথে রওনা হয়ে মাঝ আকাশ থেকে আবার ঢাকায় ফেরত এলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
পরে যাত্রীদের থাইল্যান্ডগামী ফ্লাইটে করে দোহায় পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা ছেড়ে ৯টায় আবার ফিরে আসে বিমানটি।
আর একের পর এক এমন ঘটনায় বাংলাদেশ বিমানের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে যাত্রীদের।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, ২৭২ জন যাত্রী ছিলেন বিমানটিতে।
উড্ডয়নের পর উইন্ডশিলে ত্রুটি দেখা দিলে পাইলটরা বিমানটিকে ফেরত আনার সিদ্ধান্ত জানান শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে।
অনুমতি পাওয়ার পর দক্ষতার সঙ্গে বিমানটি ঢাকায় ল্যান্ড করান তারা।
পরে রাত পৌনে ১২টায় বিমানের থাইল্যান্ডগামী এয়ারক্রাফট ওই যাত্রীদের নিয়ে দোহার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
এ সময় ফ্লাইটটি নিরাপদ অবতরণে বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরে বিমানের হ্যাংগারে এয়ারক্রাফটটি মেরামতের কাজ চলছে বলেও তথ্য জানান তিনি।
এর আগে রোববার (২১ আগস্ট) ভারতের দিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে উড়াল দেয়ার সময় যান্ত্রিক সমস্যা দেখা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে।
সম্প্রতি সিলেট বিমানবন্দরে পাখির আঘাতের কারণে ভোগান্তির শিকার হন বিমানের সিলেট-ঢাকাগামী ফ্লাইটের প্রায় একশ’ যাত্রী।
গত ১৮ জুলাই কলকাতায় বিমানের দরজা না খোলায় তিন ঘণ্টা এয়ারক্রাফটে আটকে থেকে অসুস্থ হয়ে পড়েন যাত্রীদের কেউ কেউ।