গত শুক্রবার ইসলামবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক বেলুচিস্তান বিষয়ে মন্তব্যের জেরে তাকে তলব করা হয়।
গত সপ্তাহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভারত সফরের সময় ‘দ্য হিন্দু পত্রিকা’র সঙ্গে আলাপকালে বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সরকারের দমননীতি নিয়ে মন্তব্য করে বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিতে বাধ্য এবং বেলুচিস্তান বিষয়ে আমরা শিগগিরই একটি আনুষ্ঠানিক পলিসি ঘোষণা করব।’
এ বিষয়ে রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, ‘গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা তথ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চেয়েছে।’ এর জবাবে কী বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের জানিয়েছি, সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে উত্তর দেওয়া হবে।’
ইসলামাবাদে বাংলাদেশে হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, গত শুক্রবার ১৯ আগস্ট ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার একটি বিদেশি দূতাবাসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সেখান থেকে তাকে তলব করা হয়।