নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এক ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে গুলশান হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালে পুলিশের ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ এ নিহত হন তিনি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গেই প্রকাশিত হয় সংবাদটি।
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতমাসে গুলশান হামলায় ২২ জন নিহতের ঘটনার মূল সন্দেহভাজন তামিম চৌধুরী পুলিশের অভিযানে নিহত হয়েছেন। এ অভিযানে আরও দুইজন জঙ্গি নিহত হন। পুলিশ বলেছে, নিহত তিনজনের মধ্যে একজন ‘খুব সম্ভবত’ তামিম চৌধুরী।
সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত সংবাদে বলা হয়, গত মাসে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। শনিবার নারায়ণগঞ্জে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে নিহত হন গুলশান হামলার মূলহোতা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত সংবাদে বলা হয়, গত মাসে গুলশানে ক্যাফে হামলায় ২২ জন নিহত হওয়ার ঘটনার মূল সন্দেহভাজন তামিম চৌধুরীসহ তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে গুলিশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন ইসলামী জঙ্গি নিহত হয়েছেন।