গাজীপুরের এসপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হারুনুর রশিদ বলেছেন, রমজান মাসে ধর্মের কথিত দোহাই দিয়ে পুলিশে উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশ কাপুরুষ নয়, রক্ত দিয়ে সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিয়ে তা প্রমাণ করেছে।
মঙ্গলবার গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশ পরিবারের সদস্যদের অার্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কথিত রাজনৈতিক কর্মসূচির নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে ছিল একটি শ্রেণি। সে অবস্থাতেও পুলিশ সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করেছে। পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর ররহমান, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা মহানগর পুলিশসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।