ইউনাইটেড এয়ার জেড গ্রুপে

1000-upload-iblock-bb6-united-airways_comব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় ইউনাইটেড এয়ারওয়েজকে জেড গ্রুপভুক্ত শেয়ার হিসেবে ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার নিজস্ব ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে দেশের প্রধান এ শেয়ারবাজার কর্তৃপক্ষ, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

ডিএসইর ঘোষণায় বলা হয়েছে, টানা ছয় মাস ব্যবসায়িক কার্যক্রমে না থাকার কারণে ডিএসই (সেটেলমেন্ট অব ট্রানজেকশন) প্রবিধিমালা ২০১৩-এর ২ (জেড) ধারা অনুযায়ী কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার থেকে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

চলতি বছরের ৫ মার্চ থেকে ইউনাইটেড এয়ার সব ধরনের ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর আগে উড্ডয়নযোগ্য উড়োজাহাজ না থাকায় ইউনাইটেড এয়ারওয়েজ পূর্ব ঘোষণা ছাড়াই গত ৪ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট বাতিল করে। পরে ২৪ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। এর আগে কোম্পানিটির প্রধান শেয়ারহোল্ডারদের পরিচালনা পর্ষদ দখলকে কেন্দ্র করে ২০১৪ সালের অক্টোবরে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়।

এদিকে আর্থিক সংকট সত্ত্বেও গত বছর শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দেয় ইউনাইটেড এয়ার। আর বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি ৮০ লাখ টাকার মূলধন সংগ্রহের অনুমতি নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে। তিন বছরের লকইনের শর্তে গত ১ জুন অনুমোদন সংক্রান্ত চিঠি দেয় বিএসইসি। এর মাত্র ১৫ দিন পরই গত ১৬ জুন কোম্পানিটিকে বন্ড ইস্যুর মাধ্যমে আরও ২২৪ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী কোম্পানির শেয়ারের বিনিময়ে সিঙ্গাপুরভিত্তিক সুইফট এয়ার কার্গোর কাছ থেকে উড়োজাহাজ কেনার চেষ্টা করছে ইউনাইটেড এয়ার। উড়োজাহাজ সরবরাহকারী কোম্পানিটি সর্বোচ্চ এক বছর লকইনের শর্তে শেয়ারের পরিবর্তে উড়োজাহাজ দিতে রাজি। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা লকইন সময় কমাতে রাজি না হওয়ায় এখন পর্যন্ত এ বিষয়ে সুরাহা হয়নি বলে জানিয়েছেন ইউনাইটেড এয়ারের এক কর্মকর্তা। তিনি আরও জানান, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে বহরের অন্তত পাঁচ থেকে ছয়টি উড়োজাহাজ উড্ডয়নে ফিরতে পারে। তার পরই পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে। কোম্পানিটির বহরে মোট ১১টি উড়োজাহাজ রয়েছে।

ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী বিদেশ সফরে থাকায় এ বিষয়ে তার মতামত নেওয়া যায়নি। মূলধন উত্তোলনে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। কোম্পানির এক কর্মকর্তা জানান, এ বিষয়ে বিএসইসির অনুমোদন পাওয়া গেলেও এখন পর্যন্ত বন্ড বিক্রি হয়নি। তাছাড়া শেয়ারের বিনিময়ে উড়োজাহাজ ক্রয় ও দীর্ঘমেয়াদি লিজ নেওয়ার কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

বাজার পরিস্থিতি :চলতি সপ্তাহে টানা দ্বিতীয় দিনে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। রোববারের মতো ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজারদর কমলেও প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়েছে। এ বাজারে গতকাল ১২৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত থাকে ৪৯টির দর।

অপর শেয়ারবাজার সিএসইতে ১০৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ১০৩টির দর কমেছে এবং অপরিবর্তিত থেকেছে ৩৪টির দর। এতে এ বাজারে সিএসসিএক্স স্টক ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে উঠেছে।

দুই বাজারে গতকাল ৪৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ডিএসইতে ৪২৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.