গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন তিনি।

গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‌‘গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ৬ নম্বর বেডে মৃত্যু হয় তার।’

ওই শ্রমিকের পরিচয় নিশ্চিত করে তিনি বলেন, ‘তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া।’

গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন নামে ইসলাম গ্রুপের ওই শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। পাশাপাশি, ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.