ইকোনমি যাত্রীদের জন্য নতুন ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট আনলো এমিরেটস

আকাশপথে যাত্রীসেবার মান আরও উন্নত করতে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য নতুন ‘ইউ-ড্রিম (U-Dream) হেডরেস্ট’ চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান সংস্থা এমিরেটস।

আকাশপথে যাত্রীসেবার মান আরও উন্নত করতে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য নতুন ‘ইউ-ড্রিম (U-Dream) হেডরেস্ট’ চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান সংস্থা এমিরেটস। নতুন এই হেডরেস্টের লক্ষ্য দীর্ঘ ভ্রমণে যাত্রীদের মাথা ও ঘাড়ের আরাম নিশ্চিত করা এবং ক্লান্তি কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ উপহার দেওয়া।

এমিরেটসের নতুন ইউ-ড্রিম হেডরেস্টে রয়েছে বিশেষভাবে নকশা করা নরম ও নমনীয় দুই পাশের প্যাডেড উইং, যা ভাঁজ করে যাত্রীর মাথা ও ঘাড়কে সাপোর্ট দেওয়া যায়। এতে ঘুমানোর সময় মাথা একদিকে হেলে পড়ার সম্ভাবনা কমে এবং দীর্ঘ সময় বসে থাকলেও ঘাড়ে চাপ কম অনুভূত হয়।

বিমান সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)-এর নির্ধারিত নিরাপত্তা ও মানদণ্ড সফলভাবে পূরণ করার পর নতুন এই হেডরেস্ট যাত্রীদের জন্য চালু করা হয়েছে।

ইতোমধ্যে এমিরেটসের তিনটি এয়ারবাস A350 উড়োজাহাজে নতুন ইউ-ড্রিম হেডরেস্ট সংযুক্ত করা হয়েছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ বহরে থাকা সব A350 উড়োজাহাজে এই হেডরেস্ট স্থাপন করা হবে।

শুধু A350 নয়, ভবিষ্যতে এমিরেটসের বহরে যুক্ত হতে যাওয়া সব নতুন বোয়িং 777X উড়োজাহাজেও শুরু থেকেই এই হেডরেস্ট থাকবে। এছাড়া ২০২৭ সাল থেকে ধাপে ধাপে আধুনিকায়নের আওতায় থাকা এয়ারবাস A380 এবং বোয়িং 777 উড়োজাহাজেও ইউ-ড্রিম হেডরেস্ট সংযোজন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো পর্যাপ্ত ঘাড় ও মাথার সমর্থনের অভাব। নতুন এই নকশা যাত্রীদের আরাম বাড়ানোর পাশাপাশি দীর্ঘ যাত্রায় ঘুমের মানও উন্নত করবে।

এমিরেটস সাম্প্রতিক বছরগুলোতে যাত্রী অভিজ্ঞতা উন্নত করতে কেবিন আধুনিকায়ন, নতুন আসন, উন্নত ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা এবং কেবিন ইন্টেরিয়রে একাধিক পরিবর্তন এনেছে। সেই ধারাবাহিকতায় ইউ-ড্রিম হেডরেস্ট সংযোজনও সংস্থাটির যাত্রীবান্ধব উদ্যোগের অংশ।

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থা হিসেবে এমিরেটসের এই নতুন উদ্যোগ দীর্ঘ দূরত্বের ইকোনমি ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.