শাহজালালে লাগেজ সেবায় উন্নতি, প্রশংসায় জামায়াত নেতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সম্প্রতি থাইল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দরে লাগেজ পেতে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি বলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবদানের কথা উল্লেখ করেছেন এই জামায়াত নেতা।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ড. মুহাম্মদ রেজাউল করিম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অতীত অভিজ্ঞতার কারণে দেশে ফেরার আগে থেকেই লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে বলে মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন। তবে এবার বিমান থেকে নেমে দেখেন, তার লাগেজ ইতোমধ্যেই পৌঁছে গেছে। আগের অভিজ্ঞতার সঙ্গে এবারের পরিস্থিতির এমন পার্থক্য তাকে বিস্মিত করেছে।

ড. রেজাউল করিম বলেন, বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় এই পরিবর্তনের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবদান রয়েছে। লাগেজ হারানো এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার ক্ষেত্রে এমন দৃশ্যমান পরিবর্তন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সুন্দর ব্যবস্থাপনার জন্য বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে মেজর (অব.) আখতারুজ্জামানের ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের শেষাংশে তাকে স্যালুট জানিয়ে তার জন্য দোয়া করেন এই জামায়াত নেতা।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধমকির অভিযোগ ওঠে।

পরবর্তী সময়ে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। তবে সাম্প্রতিক লাগেজ ব্যবস্থাপনার উন্নতি নিয়ে ড. রেজাউল করিমের বক্তব্যে বিমানবন্দরের যাত্রীসেবার পরিবর্তনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.