শিশুদের কোডিং শেখাতে এবং কম্পিউটার সাইন্স ও ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ তৈরি করতে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বাগডুম ডটকম’ এর সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে ‘কোড ক্লাব যুক্তরাজ্য’।
সম্প্রতি ঢাকায় এ বিষয়ে ব্রিট্রিশ অলাভজনক সংস্থা কোড ক্লাব যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকমের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাগডুম ডটকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কোড ক্লাব যা স্বেচ্ছাসেবী এবং শিক্ষাবিদদের একটি দেশব্যাপী নেটওয়ার্ক- যারা পাঁচ থেকে ১৬ বছর বয়সের শিশুদের জন্য বিনামূল্যে কোডিং শিক্ষাসহ তাদের বুদ্ধি বিকাশ ঘটাতে সাহায্য করছে। দেশজুড়ে চালিত তাদের এই কার্যক্রমের ফলে বাংলাদেশের নতুন প্রজন্মের শিশুরা অনেক ছোট বয়সেই কম্পিউটার সাইন্সের জগতে প্রবেশের সুযোগ পাবে।
এ ব্যাপারে কোড ক্লাব বাংলাদেশের নির্বাহী পরিচালক শাজাহান মিয়া বলেন, ‘আমি আনন্দিত যে আমাদের বাগডুম ডটকম, যারা ইতোমধ্যে তরুণদের সঙ্গে কিছু চমৎকার কাজ করছেন এবং তাদের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছি। আমরা একসঙ্গে সব ব্যাকগ্রাউন্ড থেকে তরুণদের কোড শেখার সুযোগ দিয়ে এবং পরবর্তী প্রজন্মকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি’।
বাগডুম ডটকমের সিইও সৈয়দা কামরুন আহমেদ বলেন, ‘কোড ক্লাব যুক্তরাজ্যের সঙ্গে বাগডুমের যোগদানের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার জন্য আমাদের এই পারস্পরিক প্রচেষ্টা আরও প্রসারিত হবে’।
কোড ক্লাব যুক্তরাজ্য একটি অলাভজনক রেজিস্টার্ড দাতব্য সংস্থা। কোড ক্লাব যুক্তরাজ্য ৮০ টিরও বেশি দেশে ৬ হাজারেরও বেশি ক্লাবে তাদের সেবা পৌঁছে দিয়েছে। অন্যদিকে বাগডুম ডটকম ২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশের প্রথম ই-কমার্স প্লাটফর্ম, যা এখনই ডটকমের নতুনরূপে রি-ব্র্যান্ডিং হওয়া প্লাটফর্ম।
কোড ক্লাব যুক্তরাজ্যে শিশু ও কিশোর-কিশোরীদের কোডিং শেখানোর মাধ্যমে বুদ্ধি বিকাশ করতে শেখায়। ২০১৬ সালে ‘কোড ক্লাব বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়েছে।
