ভিসার দাবিতে কোরিয়া গমনেচ্ছু কর্মীদের আত্মহত্যার হুমকি!

Visaএভিয়েশন নিউজ: দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু কর্মীরা ৫ জুনের মধ্যে ভিসার দাবিতে আত্মহত্যার হুমকি দিয়েছে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার ভিসাবঞ্চিত শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ এ আন্দোলনকারীদের সংখ্যা ১ হাজার ৬৬১। ধারাবাহিকভাবে কর্মীদের ভিসা দেয়ার দাবিতে দীর্ঘ দিন তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন মো. তোফাজ্জল হোসেন।

আগামী ৫ জুনের মধ্যে ভিসা ইস্যু না হলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়ে আত্মহত্যা করার হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলনে। মোঃ তোয়াজ্জল হোসেন বলেন, ‘২০১২ সালে কোরিয়া যাওয়ার জন্য ৩ হাজার ৬৬২জন রোস্টারভুক্ত হলেও এখন পর্যন্ত ১ হাজার ৬৬১ জন কোরিয়া যেতে পারেনি।

অথচ নিয়ম বহির্ভূতভাবে ২০১৩ সালে রোস্টারভুক্তরা দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে।’ তিনি রোস্টারভুক্ত কোরিয়া গমনেচ্ছু ভিসা বঞ্চিতদের দ্রুত কোরিয়া পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তোফাজ্জল হোসেন বলেন, ‘নিয়মতান্ত্রিক সব আন্দোলনের পরও সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আগামী ৫ জুনের মধ্যে আমাদের ভিসা ইস্যু না হলে বোয়েসেল কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে প্রয়োজনে আমরা আত্মাহুতি দেব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.