শ্রীদেবীও পারলেন না ‘জিরো’কে বাঁচাতে

শ্রীদেবীও পারলেন না ‘জিরো’কে বাঁচাতে।

মুক্তি পাওয়ার পর এখনো খুব একটা সুবিধা করতে পারেনি শাহরুখ খান অভিনীত সিনেমা জিরো। এর আগেও শাহরুখ সিনেমাগুলো দিয়ে তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই এই সিনেমাতে অতিথি চরিত্রে নিয়ে এলেন একঝাঁক তারকা। এমনকি তুমুল জনপ্রিয় শ্রীদেবীকেও নিয়ে এলেন এই ছবিতে। তবু শেষ রক্ষা হচ্ছে না। হল থেকে বেরিয়ে ভক্তরা খুব ভালো রেটিং দিচ্ছেন না ছবিটিকে।

তবে এ–ও ঠিক, অতিথি চরিত্রে কয়েক সেকেন্ডের জন্য জনপ্রিয় সব অভিনয়শিল্পীকে দেখে ভক্তরা বেশ আপ্লুত হয়েছেন। বিশেষ করে শ্রীদেবীকে দেখে দর্শকেরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, মৃত্যুর আগে এটা ছিল শ্রীদেবীর শেষের দিককার একটি শুটিং। এক ভক্ত তাই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শ্রীদেবীর এই এক ঝলক ছিল অসাধারণ। এ কারণেই মনে হয় এটাকে বলা হয় বিশেষ চরিত্র।’

শ্রীদেবীকে দেখে আপ্লুত হলেও ছবি নিয়ে কিন্তু যারপরনাই হতাশ দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ট্রলেরও শিকার হয়েছেন শাহরুখ খান। অনেকেই তাই মনে করছেন, শ্রীদেবীর মতো তারকাও শাহরুখের সিনেমাকে বাঁচাতে পারলেন না। শুধু শ্রীদেবীই নন, এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কারিশমা কাপুর, কাজল, রানী মুখার্জি, জুহি চাওলা প্রমুখ। বলিউডের নামকরা এত তারকা অতিথি চরিত্রে অভিনয় করেছেন! তারপরও ছবিটি নিয়ে দুয়োধ্বনি শুনতে হচ্ছে শাহরুখকে। দুই দিন মিলিয়ে জিরো সিনেমার আয় ৩৮ কোটি রুপি।

ছবিতে বামন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। মাদকাসক্ত এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা আছেন বিজ্ঞানীর চরিত্রে। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.