জেট এয়ারওয়েজের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সংকটে জর্জরিত ভারতের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনস জেট এয়ারওয়েজ। ইজারা প্রতিষ্ঠানকে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার আরো ১০টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড রাখায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। খবর বিবিসি।

আন্তর্জাতিক সেবা চালু রাখতে ভারতের যেকোনো এয়ারলাইনসকে তাদের বহরে অন্তত ২০টি উড়োজাহাজ রাখতে হয়। ১০০ কোটি ডলারের ঋণে জর্জরিত এয়ারলাইনসটি সম্ভাব্য বিপর্যয় এড়াতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।

ইউরোপ ও এশিয়াসহ সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার খবরটি শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট জানায়, ভারত থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ভারত সব ধরনের ফ্লাইট বাতিল করেছে জেট এয়ারওয়েজ। বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হচ্ছে, দিল্লি থেকে সিঙ্গাপুর, লন্ডন, আমস্টারডামের সব আন্তর্জাতিক ফ্লাইট ও কাঠমান্ডুতে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অফিশিয়াল ওয়েবসাইটেও বলা হচ্ছে, লন্ডন থেকে মুম্বাই ও দিল্লিতে জেট এয়ারওয়েজের কোনো ফ্লাইট যাবে না।

কয়েক মাস ধরে কর্মীদের বকেয়া বেতন-ভাতাসহ অর্থ ও উড়োজাহাজ সরবরাহকারীদের বিশাল অংকের ঋণও পরিশোধ করতে পারছে না জেট এয়ারওয়েজ।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় জেট এয়ারওয়েজের বেশির ভাগ উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়েছে এবং হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সংকট আরো বেড়েছে।

এয়ারলাইনসটির বহরে শতাধিক উড়োজাহাজ রয়েছে এবং নিজেদের সেরা সময়ে অভ্যন্তরীণ রুটে ৬০০ এবং আন্তর্জাতিক রুটে ৩৮০টি ফ্লাইট পরিচালনা করত তারা।

বৃহস্পতিবার মুম্বাই স্টক এক্সচেঞ্জের কাছে এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ জানায়, আমাদের ইজারাদার প্রতিষ্ঠানের কাছে বিশাল অংকের ঋণের কারণে আরো ১০টি এয়ারক্রাফট গ্রাউন্ডেড রাখতে হয়েছে।

বর্তমানে এয়ারলাইনসটির কতটি উড়োজাহাজ সক্রিয় রয়েছে, বিবিসির তরফ থেকে যোগাযোগ করা হলে কোনো প্রত্যুত্তর মেলেনি। বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বর্তমানে এয়ারলাইনসটির মাত্র ১৪টি উড়োজাহাজ সক্রিয় রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.