বিমানের এমডি পদে ১২ বিদেশিসহ ৭০ জন প্রার্থীর আবেদন

বিমানের এমডি পদে ১২ বিদেশিসহ ৭০ জন প্রার্থীর আবেদন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ৭০ জন প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে ১২ জন বিদেশি প্রার্থী রয়েছেন।

গত ১৪ মার্চ নিজস্ব ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৫ এপ্রিল ছিল আবেদন জমা দেয়ার শেষ দিন।বিমানের নিয়োগ শাখাসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দেশি-বিদেশি মোট ৭০ জন প্রার্থী আবেদন করেছেন। এদের মধ্যে বিদেশি প্রার্থী রয়েছেন ১২ জন। তবে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কোনো বিদেশি আবেদন করেননি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদে বহাল আছেন এ এম মোসাদ্দিক আহমেদ। টানা তৃতীয় মেয়াদে বিমানের এই পদে রয়েছেন তিনি। এর আগে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবেও এই সংস্থায় দায়িত্ব পালন করেন মোসাদ্দিক আহমেদ।

দীর্ঘদিন পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুনের সন্ধানে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৪ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এভিয়েশন বা এয়ারলাইন্সের পরিচালক পদে ১০ বছরের বছরের অভিজ্ঞতা চাওয়ায়, বিমানের কোনো সাবেক পরিচালক আবেদন করতে পারেননি।

নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক হারে বিদেশিদের টানতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে। তবে শুধু স্নাতক হলে চলবে না, সঙ্গে থাকতে হবে ১০ বছরের এভিয়েশন খাতের পরিচালক পদসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা।

এছাড়াও এয়ারলাইন্স মার্কেটিং সম্পর্কিত জ্ঞান, কোড শেয়ার, রাজস্ব ব্যবস্থাপনা এবং অনলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেম জানতে হবে। জ্ঞান থাকতে হবে এভিয়েশন ও শ্রম আইন সম্পর্কেও।বিজ্ঞপ্তিতে বেতনের ব্যাপারে কিছু বলা হয়নি। আগতদের প্রত্যাশিত বেতনের অঙ্ক উল্লেখ করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.