শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার (২০ মে) রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।

আটককৃত যাত্রীর নাম মো. রাজিব দেওয়ান (৩৫)। তার বাড়ি মুন্সীগঞ্জে।

মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বাড়তি নজরদারি রাখা হয়। সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ ৪৪৬) সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটে আসেন মুন্সীগঞ্জের রাজিব দেওয়ান। তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তবে যাত্রী রাজিব এতে অস্বীকার করেন এবং তাকে তল্লাশি করতে চাইলে অসহযোগিতা করেন।

তিনি বলেন, দীর্ঘ সময়ের পর আর্চওয়ে মেশিনের মাধ্যমে যাত্রী রাজিবকে চেকিং করা হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার পরিহিত প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি প্যাকেট থেকে ৬৫টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা।

ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আটক রাজিবকে দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.