নতুন সিনেমায় শাহরুখ!
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের মনে একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরছে। কবে নতুন সিনেমার ঘোষণা দেবেন কিং খান? সবাই উতলা হয়ে থাকলেও নিরব বলিউড কিং। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি এই মহাতারকা।
শাহরুখের নতুন সিনেমার খবর না পেয়ে যেসব ভক্ত হতাশ, তাদের জন্য একটি ভালো খবর পাওয়া গেলো। নতুন একটি সিনেমায় কাজ করতে চলেছেন শাহরুখ খান। না, এটা তার নিজের বা তাকে ঘিরে কোনো সিনেমা নয়। এটা হচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমাতেই একটি অতিথি চরিত্রে থাকবেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম থেক জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়া হয়েছে। তিনিও নাকি ইতিবাচক সাড়া দিয়েছেন।
যদিও শাহরুখ খান বা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নির্মাতা-প্রযোজকদের কেউ এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি। তবে খবরটি যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটা আনন্দের।
এই সিনেমার মাধ্যমে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করবেন শাহরুখ খান। এর আগে ‘ডিয়ার জিন্দেগি’তে আলিয়ার সঙ্গে, এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন এসআরকে।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশন। এই সিনেমায় আরও অভিনয় করছেন নাগার্জুনা, মৌনি রায় ও ডিম্পল কপাড়িয়া প্রমুখ।