বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির পাওনার এক হাজার কোটি টাকা আজ পরিশোধ করবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। আজকের মধ্যে জিপির পক্ষ থেকে, ওই অর্থের চেক বিটিআরসিতে জমা দেয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার আপিল বিভাগ, গ্রামীণ ফোনকে সোমবারের মধ্যে বিটিআরসি’র এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়। যেখানে বলা হয়, এই সময়সীমার মধ্যে পাওনা পরিশোধ না করলে, গ্রামীণ ফোনে প্রশাসক বসাতে পারবে বিটিআরসি।
একই সঙ্গে সোমবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেধে দিয়েছিলেন গ্রামীণ ফোনকে।
