ইরান করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে।

ইরানে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সাময়িকভাবে ৫৪ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। বুধবার বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে। বন্দিরা বর্তমানে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি রেজা রাইসি বলেছেন, দুই হাজার ৩৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৭ জন মারা গেছেন। এদিকে, ইরানের ২৩ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদের স্পিকার আলী লরিজানি গত শুক্রবার ঘোষণা করেছিলেন যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংসদ অধিবেশন স্থগিত করা হল।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরানকে মেডিক্যাল টেস্ট কিটসহ আট টন ওষুধ দিয়েছে। মঙ্গলবার ওষুধ ও টেস্ট কিট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সংস্থার প্রতিনিধিরাও এই ভাইরাসটির নিয়ন্ত্রণের জন্য ইরানে পৌঁছেছেন।

এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় ইরান থেকে সমস্ত নাগরিককে সরিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.