ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলা।

শনিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ওই ঘাঁটিতে এ ধরনের হামলা চালানো হলো। তাজি ঘাঁটিতে অবস্থান করা ইরাকের একজন কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্নেল জানান, শনিবার অন্তত ১০টি রকেট ঘাঁটিতে আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।

হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়ার জড়িত থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

এর আগে গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। ওই হামলার ঘটনায়ও কেউ দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। তবে বরাবরের মতোই ওয়াশিংটনের দাবি অস্বীকার করেছে তেহরান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.