রোববার বিকালে দীর্ঘ ৬ মাস পর ৩টি ট্রাকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে।পেঁয়াজের নতুন চালান বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
এ ছাড়া ভারতের পেট্টাপোলে ৫৩ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল।
এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান হল খুলনার হামিদ এন্টারপ্রাইজ ও মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ।
এর মধ্যে হামিদ এন্টারপ্রাইজ ৬৩ মেট্রিক টন এবং মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ৩০৫ ডলারে।
খুলনার হামিদ এন্টারপ্রাইজের মালিক আবদুল হামিদ জানান, দেশে এবার প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। দামও অনেক কম। ছোট একটি এলসি দিয়েছি। য়ার বিপরীতে রোববার ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে ঢুকেছে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইনের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার ভারত থেকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে, শূন্য ডিউটি দিয়ে এই পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে খালাস দেয়া হয়েছে। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্টাপোল বন্দরে ৫৩ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।