করোনাভাইরাসে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত

করোনাভাইরাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও করনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার জনসন এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার খবর দেওয়ার ঘণ্টা দুয়েক পর হ্যানককও টুইটারে পোস্ট করা ভিডিওতে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে হ্যানকক বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি করোনাভাইরাস টেস্ট করান।

“পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।সৌভাগ্যবশত আমার উপসর্গগুলো মৃদু এবং বাসা থেকে কাজ করছি ও সেলফ আইসোলেশনে আছি।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর একদিন আগেই এ ভাইরাসের কবলে পড়েছেন ব্রিটিশ রাজপরিবারের যুবরাজ চার্লস।

গত ১১ মার্চ যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডোরিয়েস করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে একদিনে ১৮১ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।

গত ডিসেম্বরের শেষে চীনের উহানে প্রথম দেখা দেওয়া নভেল করোনাভাইরাস এরইমধ্যে দুইশ’র মতো দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

তবে ব্রিটেনের আগে শুধু ইরানেই সরকারের মন্ত্রী ও এমপিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনির দুই উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.