মুশফিকের ইতিহাসগড়া ব্যাট দুঃস্থদের জন্য নিলামে

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ও মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাসগড়া ব্যাট করোনা ভাইরাস মোকাবেলায় নিলাম ডেকেছেন মুশফিক।

যে ব্যাটে খেলেছিলেন ইতিহাসগড়া সেই ইনিংস, এতদিন সেটি রেখে দিয়েছিলেন সযত্নে। নিজের খুব প্রিয় সেই স্মারক এবার মানবসেবায় উৎসর্গ করে দিচ্ছেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিলামে তুলবেন সেই ব্যাট।

এখনও চূড়ান্ত হয়নি, নিলাম কোথায় ও কীভাবে হবে। তবে মুশফিক জানিয়েছেন, কোনো অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলার ইচ্ছে আছে তার।

টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি পথচলার পর মুশফিকের হাত ধরে একজন ডাবল সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ঠিক ২০০।

নিজের কাছে থাকা স্মারকগুলোর মধ্যে মুশফিকের হৃদয়ের খুব কাছে এই ব্যাট। কিন্তু দুঃস্থদের সহায়তায় এমন প্রিয় কিছু হাতছাড়া করতে খুব একটা ভাবতে হয়নি, জানালেন মুশফিক।

“অবশ্যই ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।”

“আমার এই ত্যাগের কারণে যদি দুই-একজন মানুষেরও উপকার হয়, এই দুঃসময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া।”

সমৃদ্ধ ক্যারিয়ারে নিজের অনেক স্মারকই তার সংগ্রহে আছে। মুশফিক জানালেন, ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া পেলে অন্যগুলিও নিলামে তুলবেন।

“যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলিও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার কাছে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.