করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের অবরুদ্ধ অবস্থার মধ্যে কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করার বিষয়ে আলোচনা করতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।
আগামী ৩ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
এতে বলা হয়, গার্মেন্টস, ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখার বিষয়ে আলোচনার জন্য বৈঠক হবে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ার পর ২৬ মার্চ হতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান, কারখানা, গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়। এতে উৎপাদন স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা শিল্প কারখানা চালুর দাবি জানিয়ে আসছে।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইনশঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তৈরি পোশাক কারখানার মালিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ্ধ ও ব্যবসায়ীদের সংগঠনের নেতাদের উপস্থিত থাকবেন।