চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার রয়েছেন।
ওই সহকারী কমিশনার এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার করা নমুনা পরীক্ষার ফল শুক্রবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়।
সিভিল সার্জন ফজলে রাব্বী জানান, আক্রান্ত ৪০ জনের মধ্যে ৩৮ জনই চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি দুজনের একজন কক্সবাজারের ওই সহকারী কমিশনার এবং অপরজন খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় আক্রান্ত ১৪ জন এবং নগরীর আছেন ২৬ জন।
উপজেলার মধ্যে সাতকানিয়ার সাতজন, সীতাকুণ্ডের পাঁচজন এবং হাটহাজারী ও বোয়ালখালীর একজন করে রয়েছেন।
আর নগরীর অলংকার ও বহদ্দারহাট এলাকার দুইজন, হালিশহরের তিনজন, কসমোপলিটন, আগ্রাবাদ মেহেদীবাগ এলাকার তিনজন, বাকলিয়োর চারজন, নাসিরাবাদ ও মোগলটুলি এলাকার দুইজন, ইপিজেড এলাকার দুইজন ও সরাইপাড়ার একজন আছেন।
এর বাইরে ফিরিঙ্গিবাজার, দামপাড়া, আইসফ্যাক্টরি রোড, মির্জা পুলি, সদরঘাট, আমবাগান রেলওয়ে কলোনি, সাগরিকা এলাকার একজন করে আছেন।
সিভাসুর ল্যাব ছাড়াও চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাসের পরীক্ষা হয়। দুই ল্যাব মিলিয়ে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯৩ জনে। বাইরের জেলা থেকে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এসেছেন আরও পাঁচজন।