‘আমার খেলা সবচেয়ে জঘন্য দল তালাওয়াস’

ক্রিস গেইলের পর এবার জ্যামাইকা তালাওয়াসের ওপর ক্ষোভ ঝারলেন আন্দ্রে রাসেল। ইনস্টাগ্রামে রাসেল জানিয়েছে, তাঁর খেলা সবচেয়ে জঘন্য দল জ্যামাইকা তালাওয়াস।

২০১৮ সালে জ্যামাইকা তালাওয়াস রাসেলকে দলে নেয়। তিন বছরের চুক্তিতে এখনও দলে আছেন তিনি। এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন জ্যামাইকার জার্সিতে। কিন্তু দলটির ম্যানেজমেন্ট ও তাঁদের পেশাদারিত্ব নিয়ে অনেক ক্ষোভ রাসেলের। সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষে ক্রিকেট ক্যারিয়ারে আর কখনোই জ্যামাইকার হয়ে খেলবেন না।

মঙ্গলবার ইউটিউবে এক ভিডিওতে ক্রিস গেইল জ্যামাইকার কোচ ও জাতীয় দলের প্রাক্তন সতীর্থ রামনারেশ সারওয়ানকে ‘করোনার চেয়েও খারাপ’ বলে সম্বোধন করেন।পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির কড়া সমালোচনা করেন। এবার আন্দ্রে রাসেল বলেছেন,‘যোগাযোগ ক্ষেত্রে এ দলটি সবচেয়ে অপেশাদার। তাঁরা জানেও না কিভাবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে হয় এবং কিভাবে দল চালাতে হয়। ’

২০১৮ সালে অধিনায়ক হয়ে তালাওয়াসে ফিরেছিলেন রাসেল। তখন জানিয়েছিলেন, তালাওয়াসে ফেরা তাঁর ভাবমূর্তির জন্য ভালো হবে। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই বুঝে যান জ্যামাইকার দলটিতে আর থাকা যাবে না! দলটির অপেশাদারিত্বের একটি ঘটনা তুলে ধরেছেন রাসেল,‘আমি সব সময় জিততে চাই। আমার ঘরে ১৩টি শিরোপা সেই কথাই বলছে। আমি কখনোই হারতে চাই না। সেজন্য আমি নিজের মতো করে দল সাজাই। বিশ্বাস করি আমি যাকে নেব সে আমার দলকে জেতাবে। তালাওয়াসেও এটা করতে চেয়েছিলাম। এজন্য ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগও করেছিলাম কিন্তু তাঁরা আগ্রহ দেখায়নি। ড্রাফটের পর ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞেস করেছিল আমি দল নিয়ে সন্তুষ্ট কি না? আমি প্রচণ্ড হতাশ হয়েছিলাম।’

সিপিএলের ওই আসরে রাসেলের দল এলিমিনেটর থেকে বাদ পড়েছিল এবং সবশেষ আসরে টেবিলের তলানি থেকে লিগ শেষ করে। রাসেলের অভিযোগ,‘দলটির ভাবনাই ভিন্ন। আমার খেলা সবচেয়ে জঘন্য দল তালাওয়াস। এখানের কর্মকর্তারাও অদ্ভুত। একজন অধিনায়ককে কিভাবে মূল্যায়ন করতে হয় কিংবা খেলোয়াড়সুলভ আচরণ করতে হয় সেগুলো তাদের মধ্যে নেই।’

আগামী ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে রাসেল এ মৌসুমে শেষবার খেলবেন তালাওয়াসের হয়ে। ফ্রাঞ্চাইজি নিয়ে অনেক ক্ষোভ থাকলেও নিজের সর্বোচ্চটা মাঠে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মারকুটে এ ব্যাটসম্যান।

‘আমি মনে করি তালাওয়াসের হয়ে এটাই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবারও দলটির হয়ে সেরা সাফল্য প্রত্যাশা করছি এবং মাঠে নেমে আমার সেরাটা নিংড়ে দেব। কিন্তু পরের মৌসুমে আমি আর থাকছি না। কারণ যেখানে আমি স্বস্তি পাবো না সেখানে আমি খেলতে চাই না।’ – যোগ করেন রাসেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.