১৪ মে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন থাই নাগরিকরা

করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফায় থাইল্যান্ডের নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। এজন্য আগামী ১৪ মে ইউএস-বাংলার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করা হয়েছে।

থাইল্যান্ড দূতাবাস সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইটটি পরিচালিত হবে। এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী দেশটির নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। ২ মে থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে ১০ মে পর্যন্ত।

আগামী ১০ মে রাত ৮টা পর্যন্ত দেশে ফিরতে আগ্রহী থাইল্যান্ডের নাগরিকদের আবেদনের ভিত্তিতে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

সোমবার (৪ মে) সকাল ১০টা পর্যন্ত ১৯৬ নাগরিকের প্রত্যাবর্তন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অভিবাসন বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষক্ষের সহায়তায় প্রথম দফার মতো এবারের ফ্লাইটের আয়োজন করা যাচ্ছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।

এর আগে ঢাকার থাইল্যান্ডের দূতাবাসের সহায়তায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস-২১৩) একটি বিশেষ বিমানে করে গত ১৭ এপ্রিল ব্যাংককে ফিরে যান ৩৫ জন।

ওই দিন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস এবং দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.