সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই

সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন আরও দীর্ঘ হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন আরও দীর্ঘ হচ্ছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সৌদি আরবের কয়েকটি গন্তব্যে ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে ইতিহাদ এয়ারওয়েজ ও ফ্লাইদুবাই। অন্যদিকে, এমিরেটস আগামী ৮ নভেম্বর থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। তবে সব ফ্লাইটের কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি।

৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে রাশিয়া ট্যুরিজম নিউজ জানিয়েছে, ইতিহাদ আবুধাবি থেকে রিয়াদ ও দাম্মাম রুটে যাত্রী ও কার্গো ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। আগের ঘোষণায় নভেম্বরের শুরুতে কিছু ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে সৌদি আরবের জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছে ইতিহাদ। আবুধাবি থেকে জেদ্দাগামী ইওয়াই-৬০১ ও ইওয়াই-৬০৩ এবং ফিরতি ইওয়াই-৬০২ ও ইওয়াই-৬০৪ ফ্লাইট ৬ নভেম্বর থেকে চালুর সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। অন্যান্য জেদ্দাগামী ফ্লাইটও চালু থাকার কথা জানিয়েছে এয়ারলাইনসটি। তবে যাত্রীদের নির্দিষ্ট ফ্লাইট নম্বর অনুযায়ী কার্যক্রম যাচাই করতে বলা হয়েছে।

এদিকে, দুবাই থেকে রিয়াদ ও আভা রুটে ফ্লাইট বাতিলের সময় ১৬ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ফ্লাইদুবাই। ৬ নভেম্বর এয়ারলাইনসটির একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

ফ্লাইদুবাইয়ের বুকিং ব্যবস্থায় ১৭ নভেম্বর থেকে রিয়াদ ও আভা রুটে ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে। তবে বুকিং চালু থাকা মানেই ফ্লাইট পরিচালনা নিশ্চিত নয়। দাম্মাম রুটে ১০ নভেম্বর থেকে টিকিট বুকিংয়ের সুযোগ রয়েছে। অন্যদিকে, জেদ্দা, মদিনা, কাসিম, হাইল ও তাবুকসহ কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচল ইতোমধ্যে চালু হয়েছে।

অন্যদিকে, এমিরেটসের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর থেকে দুবাই-রিয়াদ ও দুবাই-দাম্মাম রুটে যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। জেদ্দা রুটে কিছু ফ্লাইট ৩০ অক্টোবর থেকে চালু হয়েছে। তবে সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া এয়ার আরাবিয়াসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসেরও সৌদি আরবের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালু হলেও কিছু ফ্লাইট এখনো বিধিনিষেধ ও বিশেষ অনুমতির আওতায় রয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের টিকিট কেনা বা বিকল্প যাত্রার ব্যবস্থা করার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল হলে পুনরায় বুকিং, অর্থ ফেরত ও যাত্রী সহায়তার বিষয়গুলো সংশ্লিষ্ট এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.