করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারি নিয়ে চীন-যুক্তরাষ্ট্র বৈরিতা বেড়েই চলেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তা আরো এক ধাপ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই নেই তার। এমনকি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চীনের ব্যর্থতায় খুবই হতাশ হয়েছেন তিনি। এই মহামারির জন্য জানুয়ারিতে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিও ফেকাশে হয়ে পড়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও পূর্বে ওই চুক্তিটিকে বিশাল অর্জন হিসেবে বর্ণনা করেছিলেন তিনি।
করোনা নিয়ন্ত্রণে চীনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তাদের এটা কোনোভাবেই ঘটতে দেয়া উচিৎ হয়নি।
আমি একটি বিশাল চুক্তি করলাম, কিন্তু এখন আর সেটা তেমন মনে হচ্ছে না। চুক্তির কাগজের কালি ঠিকঠাক শুকানোর আগেই এই মহামারি চলে এলো। এখন এটা আমার কাছে আগের মতো লাগছে না।
চীনা প্রেসিডেন্ট শি’র প্রতিও বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও পূর্বে বহুবার শি’র সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমি তার সাথে কথা বলতে চাই না।
সম্প্রতি এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে পড়তে ইচ্ছুক চীনা শিক্ষার্থীদের ভিসা না দেয়ার পরামর্শ দিয়েছেন। সে বিষয়ে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, আমরা অনেক কিছুই করতে পারি। আমরা পুরো সম্পর্কই ছিন্ন করে ফেলতে পারি। তিনি বলেন, এমনটা করলে কী হবে? ৫০ হাজার কোটি ডলার বাঁচানো যাবে।
প্রসঙ্গত, চীন থেকে প্রতি বছর আনুমানিক ওই আর্থিক মূল্যের পণ্য আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র। এই অর্থকে প্রায়ই হারিয়ে যাওয়া অর্থ হিসেবে বর্ণনা করে থাকেন তিনি।