রাশিয়া লিবিয়ায় জেনারেল খলিফা হাফতারের সমর্থনে সেখানে যুদ্ধবিমান মোতায়েন করেছে। রাশিয়ার এমন আচরণে ক্ষুব্ধ লিবিয়ার রাজধানীতে আন্তর্জাতিক স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ড (জিএনএ)র সমর্থক তুরস্ক।
রাশিয়ার এমন পদক্ষেপে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ খবর প্রকাশ করছে অনলাইন আরব নিউজ।
অনলাইন আরব নিউজে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তথ্য জানতে পেরেছে যে, মাঠ পর্যায়ে রাশিয়ার রাষ্ট্র মদদপুষ্ট প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের সমর্থনে লিবিয়ায় সামরিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার পরিচয় গোপন রাখতে এসব যুদ্ধবিমানের ওপর রঙ করা হয়েছে।
লিবিয়ায় রাশিয়ার উপস্থিতির বিষয়ে মস্কো অস্বীকৃতি জানালেও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষক সামুয়েল রামানি বলেন, রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান লিবিয়ায় মোতায়েনের নতুন এই খবরে তুরস্কের সঙ্গে তাদের উত্তেজনাকে বৃদ্ধি করবে।
উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহী ও লিবিয়ার জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও লিবিয়ার জিএনএ বিরোধী শক্তি জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে রাশিয়া। অর্থাৎ এই দুটি দেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার অবস্থান পুরোপুরি বিপরীতমুখী।