আগামী কয়েকদিনে করোনা ভয়াবহ রূপ ধারণ করবে যুক্তরাষ্ট্রে: ড. ফৌসি
করোনাভাইরাসের হানায় যুক্তরাষ্ট্র বিপর্যস্ত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই। আক্রান্তের সংখ্যাতেও প্রথম দেশটি। এমন পরিস্থিতির মাঝেই এলো ‘নতুন সতর্ক বার্তা’ ।
যুক্তরাষ্ট্রে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন।
তিনি বলেন, জাতি বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
মঙ্গলবার দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি বলেন, ‘কয়েকদিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।’
তবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড. ফৌসি জানান, করোনা টেস্টিং কমিয়ে দেয়ার জন্য জন্য কাউকে নির্দেশ দেয়া হয়নি। তিনি বলেন, আমি যতদূর জানি, আমাদের কাউকে পরীক্ষা কমিয়ে দেয়ার জন্য বলা হয়নি। প্রকৃতপক্ষে, আমরা পরীক্ষার হার আরও বাড়িবে দেব।
ওকলাহোমায় সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনায় সংক্রমণের সংখ্যা সরকারি হিসাবে যাতে কম দেখানো যায় সেজন্য তিনি তার টিমকে টেস্টিং কমিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সূত্র : বিবিসি