দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাদ্দ বাতিলের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য হিসেবে বকেয়া তহবিল বাতিলের পরিকল্পনা করছেন। বিতর্কিত এই আইনি প্রক্রিয়া দেশটির কংগ্রেসে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

জুলাই মাসে ডব্লিউএইচও’র সদস্যপদ প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক নোটিশ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। যথাযথ প্রক্রিয়ায় সংস্থাটিকে বেরিয়ে যেতে দেশটিকে আগামী জুলাই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তবে এই সময়ের মধ্যে ৭২ বছর পুরনো চুক্তির আওতায় দেশটির আর্থিক সহযোগিতা দিয়ে যেতে হবে।

সদস্যপদ প্রত্যাহারের সময়েই যুক্তরাষ্ট্র প্রতিশ্রুত অর্থের ৫৮ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। দ্বিতীয় কিস্তির ৬২ মিলিয়ন ডলার এখনও বকেয়া রয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নেরিসা কুক বুধবার জানান, বকেয়া অর্থসহ এর আগের বছরের ১৮ মিলিয়ন ডলার জাতিসংঘের অন্যান্য খাতের জন্য পুনরায় বিন্যাস করা হবে। বিস্তারিত এখনও নির্ধারিত হয়নি। তবে এটি নিশ্চিত যে, ডব্লিউএইচও-কে যে তহবিল দেওয়া হতো তা জাতিসংঘের অন্য খাতে দেওয়া হবে।

কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলে খবরে বলা হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে নিয়োজিত মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তাদের ফিরিয়ে আনতে পারে।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বে থাকায় করোনার টিকা উদ্ভাবনের আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাষ্ট্র থাকবে না। এছাড়া ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সংস্থাটির উদ্বেগ উড়িয়ে দিয়েছে দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.