হোয়াইট হাউস শাসনকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কিত মন্তব্য করেছেন বহুবার।
তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়নি এমন দিন বোধহয় খুঁজে পাওয়া যাবে না!
বরাবরই এসবে থোড়াই কেয়ার ভাব দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে নির্বাচনের আগ মুহূর্তে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে তার পুরোনো এক বাজে মন্তব্যের অভিযোগ হঠাৎই সামনে চলে আসায় চিন্তার ভাঁজ পড়েছে রিপাবলিকানদের কপালে।
গত বৃহস্পতিবার প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের বেফাঁস মন্তব্যের খবর প্রকাশ করে দ্য আটলান্টিক ম্যাগাজিন।
তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের নভেম্বরে প্যারিস সংলগ্ন মার্কিন সমাধিক্ষেত্র পরিদর্শনের সূচি বাতিল করেছিলেন ট্রাম্প। সেখানে শায়িত যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘লুজার’ ও ‘সাকারস’ বলে মন্তব্য করেছিলেন তিনি।