যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁ মালিকদের সামনে নতুন আতঙ্ক শীতল আবহাওয়া

প্রতি বছর যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলে গ্রীষ্মের অবসান ও শীতল আবহাওয়ার সূচনা ঘটে সাধারণত সেপ্টেম্বর থেকেই। আর এ শীত মৌসুম অনেকের কাছে আকর্ষণীয় হলেও চলতি বছর একেবারেই উল্টো পরিস্থিতি হাজির হয়েছে দেশটির রেস্তোরাঁ মালিকদের জন্য।

এরই মধ্যে মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ীরা করোনার ধাক্কা সামলে ব্যবসায় টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করছেন। তার ওপর এখন ঠাণ্ডা তাপমাত্রা ঝুঁকিতে ফেলেছে ক্রেতাসমাগম।

সংশ্লিষ্টরা বলছেন, ঠাণ্ডার মধ্যে স্বাভাবিকভাবেই বাইরে বসে খুব বেশি মানুষ খেতে চাইবে না। অন্যদিকে রেস্তোরাঁর ভেতরে ডাইনিং রুমে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কমাতে হবে আসন সংখ্যা। এ অবস্থায় রেস্তোরাঁ মালিকরা যে খুব বেশি উপার্জন করতে পারবেন না, তা প্রায় নিশ্চিত করেই বলা যায়।

কিন্তু সমস্যা হলো, তাদের এ সংকটের বিষয়টি হয়তো ভাড়া না পাওয়া বাড়ির মালিকরা আর বিবেচনায় নিতে চাইবেন না। তাছাড়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের চাকরি টিকিয়ে রাখতে সরকারের পে-চেক প্রটেকশন প্রোগ্রামের অর্থায়নও প্রায় শুকিয়ে আসছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, ক্রমেই ঘনীভূত হচ্ছে ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা।

আর এমন হলে আরো একবার কঠোর লকডাউন জারিও সম্ভবত এড়ানো যাবে না। ফলে সার্বিক বিবেচনায় আসন্ন শীত মৌসুম যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য হাজির করছে নতুন আতঙ্ক।

কার্ল মার্ক্স অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বাগলে বলেন, আসলে আমরা কেউই জানি না কভিড ১৯ সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ফ্লু মৌসুমের অবস্থা কেমন হবে। ফলে এ নিয়ে সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ কাজ করছে।

ডেভিড বাগলের মতো একই কথা বলছেন খাতসংশ্লিষ্ট অন্য বিশেষজ্ঞরাও। তারা বলছেন, সরকারি সহায়তার ওপর ভর করে করোনার ধাক্কা সামলে রেস্তোরাঁ শিল্প যতটুকু ঘুরে দাঁড়িয়েছে, তার অনেকাংশই শীতল আবহাওয়ার কারণে পণ্ড হয়ে যেতে পারে। কেন্দ্রীয় তহবিলের সহায়তায় বহু রেস্তোরাঁ তাদের কর্মীদের পুনরায় কাজে ফিরিয়েছে।

একই সঙ্গে কিছু ক্রেতাকে আউটডোর ডাইনিংয়ে ফিরিয়ে এনেছে প্রণোদনা কার্যক্রম। কিন্তু এখনো অনেক রেস্তোরাঁয় বাইরে যে পরিমাণ টেবিলে ক্রেতাদের খাবার সরবরাহ করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি টেবিল ভেতরে খালি পড়ে থাকছে।

১০৬ বছরের পুরনো রাস অ্যান্ড ডটারসের সহ-স্বত্বাধিকারী নিকি রাস ফেডারম্যান বলেন, এমনিতে ভালো আবহাওয়ায়ও আউটডোর ডাইনিং কোনো সমাধান নয়। এটি এমনকি ক্ষতস্থানের ব্যান্ড এইডও নয়। মূলত এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে সংকট থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো রকমে টিকে থাকার চেষ্টা করা হচ্ছে।

নিউইয়র্কে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইনডোর ডাইনিং নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় রাস অ্যান্ড ডটারস ক্যাফে জুলাইয়ে গ্রাহকদের জন্য শুধু আউটডোর ডাইনিং কার্যক্রম শুরু করেছে। কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় তাদের বিক্রি পতন হয়েছে ৯০ শতাংশ।

মাসটিতে ক্যাফেটির ক্ষতি হয়েছে ১৬ হাজার ডলার। এ বিষয়ে ফেডারম্যান বলেন, এ মুহূর্তে আউটডোর ডাইনিংয়ে আরো অর্থ বিনিয়োগের তেমন কোনো সুযোগ নেই।

এদিকে যেসব মিউনিসিপালিটি ও অঙ্গরাজ্য ইনডোর ডাইনিংয়ের অনুমতি দিচ্ছে, তারা একই সঙ্গে সীমা বেঁধে দিচ্ছে রেস্তোরাঁর সেবা পরিসরেও। এছাড়া এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট স্বচ্ছতা না থাকায় মালিকদের মধ্যে হতাশা বাড়ছে।

যেমন বুধবার গভর্নর অ্যান্ড্রু কৌমোর এ মাসের শেষে নিউইয়র্কে ইনডোর ডাইনিং চালুর ঘোষণার আগে স্থানীয় রেস্তোরাঁ মালিকদের একটি জোট শহর ও রাজ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০০ কোটি ডলারের মামলা করে। তাদের দাবি ছিল ইনডোর ডাইনিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া।

এছাড়া কয়েক হাজার রেস্তোরাঁ ও বারের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য নিউইয়র্ক সিটি হসপিটালিটি অ্যালায়েন্সও গত মধ্য আগস্টে একই ধরনের পদক্ষেপ নেয়ার হুমকি দেয়।

সর্বোপরি নিকি রাস ফেডারম্যান বলেন, একদিকে পে চেক প্রটেকশন প্রোগ্রামের অর্থ ফুরিয়ে আসছে, অন্যদিকে এগিয়ে আসছে শীত মৌসুম। ফলে করোনার ক্ষত নিয়ে গণহারে রেস্তোরাঁ ব্যবসা গুটিয়ে গেলে তা মোটেই আশ্চর্যজনক কিছু হবে না।

সুত্র -বণিক বার্তা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.