চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল হয়ে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি মেরামতের পর গত শুক্রবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে। গত ১৪ মে সকাল ৯টার দিকে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি ১২৩ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসকাটের উদ্দেশ্যে যাত্রার প্রক্কালে পুশকার্টের ধাক্কাজনিত কারণে এর দরজা ভেঙ্গে যায়। এতে এই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়।
পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পাঁচ ঘণ্টা পর ঢাকা থেকে নিয়ে যাওয়া অপর একটি বোয়িং উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের মাসকাট পাঠানো হয়। এ ঘটনায় বিমানের সংশ্লিষ্ট পাইলটসহ কেবিন ক্রু’দের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে। উড়োজাহাজটি সচল করার জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ গত বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছে। পরদিন সকালে তা চট্টগ্রামে পাঠানো হয়। শুক্রবার দিনভর মেরামত কাজ সম্পন্ন করে উড়োজাহাজটি সচল করা হয়।
এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ফ্লাইটের চিফ পার্সার মনোয়ারা খাতুন মলি, ফ্লাইট স্টুয়ার্ডডেস পাপিয়া, ফ্লাইট স্টুয়ার্ড এস দত্ত, একজন জুনিয়র টেকনিশিয়ান এবং গ্রাউন্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং শাখার একজন সিনিয়র অপারেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া ফ্লাইটের পাইলট ইসমাত কামাল এবং ফার্স্ট অফিসার ফারিয়েল জাহিদকে দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বিরত (গ্রাউন্ডেড) রাখা হয়েছে।