সরকারি নির্দেশনা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মুহূর্তে অভিবাসী শ্রমিকসহ বিদেশফেরত যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য বিমানবন্দরের বাইরে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে মনে করছে সংস্থাটি।
মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমরোধে গত ১০ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ দেয় সরকার।
এ বিধিনিষেধ কার্যকর হয়েছে ১৩ জানুয়ারি থেকে।
বিধিনিষেধে বলা আছে, বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক করোনার টিকা সনদ দেখাতে হবে ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে রোববার বিমানবন্দরে বেবিচক আয়োজিত সভায় এ অভিমত দেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
বেবিচক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৮ হাজার থেকে ১০ হাজার যাত্রী আসছে। তার ওপর তৃতীয় টার্মিনাল স্থাপন কার্যক্রমের কারণে বর্তমানে প্রতিদিন রাতের বেলায় বেশ কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকছে।
এ অবস্থায় স্বাভাবিক নিয়মে যাত্রীদের ইমিগ্রেশন ও অন্যান্য কার্যক্রম করতেই হিমশিম খেতে হয়।