একতা কাপুরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি

বলিউডের প্রযোজক ও পরিচালক অভিনেত্রী একতা কাপুর ও তার মা শোভা কাপুরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওয়েব সিরিজে ভারতীয় সেনা কর্মকর্তাদের অপমান এবং তাদের স্ত্রী ও পরিবার নিয়ে অসম্মানজনক দৃশ্যায়নের অভিযোগে এ পরোয়ানা জারি হয়।

বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিহারের বেগুসরাই আদালতের বিচারক এ নির্দেশ দেন।

জানা যায়, ২০২০ সালের ৬ জুন সাবেক সেনা কর্মকর্তা শম্ভু কুমার আদালতে একটি অভিযোগ দাখিল করেন।

সেখানে তিনি অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামের ওই ওয়েব সিরিজে এক সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। এসব দৃশ্য একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তাকে মর্মাহত করেছে।

তবে অল্ট বালাজির ব্যানারে নির্মিত সেই ওয়েব সিরিজ থেকে দুই বছর আগেই আপত্তিকর দৃশ্যটি ছাঁটাই করা হয়েছে। এমনকি এ নিয়ে এক ভিডিও বার্তায় তখন ক্ষমাও চেয়েছিলেন একতা কাপুর।

এরপরও কেন মা-মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এ নিয়ে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানিয়েছেন, আপত্তিকর দৃশ্য ছাঁটাই করলেও এ মামলায় সমন জারির পরও এখনো তারা (একতা ও শোভা কাপুর) আদালতে হাজিরা দেননি। এ কারণেই তাদের নামে পরোয়ানা জারি করেছেন আদালত।

এই আইনজীবী আরো জানান, ওয়েব সিরিজটি এএলটি বালাজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এটি একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম। বালাজি টেলিফিল্মসের সঙ্গে একতার মা শোভা কাপুরও জড়িত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.