ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত বছরের ৬ জানুয়ারিতে দাঙ্গা নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার সমন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশ না মানলে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন তিনি। শুক্রবার (২১ অক্টোবর) ট্রাম্পের বিরুদ্ধে এ সমন জারি করা হয়। খবর বিবিসি।

সমন অনুযায়ী, ৬ জানুয়ারি কমিটির সামনে ট্রাম্পকে সাক্ষ্য দিতে হবে। তার আগে প্রয়োজনীয় নথি সরবরাহ করারও নির্দেশ পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত নথিতে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন বাতিলের এমন প্রচেষ্টার মধ্যমনি ছিলেন তিনি। এই ধরনের কাজ বেআইনি ও অসাংবিধানিক, তা তিনি জানতেন বলে উল্লেখ করেছে কমিটি।

তবে কমিটির আইনপ্রণেতাদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনেছেন ট্রাম্পের একজন আইনজীবী। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বিভ্রান্ত করার কৌশল হিসেবেও এ সমনকে দেখছেন সাবেক প্রেসিডেন্ট।

সমন অনুযায়ী, ৬ জানুয়ারি কমিটির কাছে নথি সরবরাহ করার জন্য ৪ নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন ট্রাম্প। সাক্ষ্য দেয়ার জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে।

ট্রাম্প যদি কংগ্রেসের কাছে সাক্ষ্য বা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে সম্ভাব্য অপরাধমূলক কার্যক্রম হিসেবে বিষয়টি বিচার বিভাগের কাছে হস্তান্তর করতে পারবে কমিটি।

ট্রাম্পের প্রাক্তন সহযোগী স্টিভ ব্যাননকে সাড়ে ছয় হাজার ডলার জরিমানা ও কংগ্রেসকে অবমাননার জন্য চার মাসের কারাদণ্ড দেয়ার কয়েক ঘন্টা পর এ সমন জারি হলো।

কমিটির সামনে সাক্ষ্য বা নথি দিতে অস্বীকার করার পর ব্যাননকে দোষী সাব্যস্ত করা হয়। এ ধরনের ঘটনায় আগামী মাসে বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্পের আরেক সহযোগী পিটার ন্যাভারো।

৬ জানুয়ারির কমিটিতে থাকা সাত ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকান কংগ্রেসম্যান গত সপ্তাহে ভোটাভুটিতে একমত হয়েছেন যে, ক্যাপিটল হিলের দাঙ্গায় নিজেদের ভূমিকার বিষয়ে ট্রাম্পকে সাক্ষ্য দিতে হবে।

আইনপ্রণেতারা বলছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার জন্য সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প। জো বাইডেনের শপথ গ্রহণ প্রতিহত করতে তারা ক্যাপিটল হিলে ওই আক্রমণ করেছিল।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.