বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্টসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পাসোপোর্টে রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছবি। তাতেই জন্মস্থান লেখা গুজরাট। জন্ম তারিখ দেওয়া রয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র।
এ ছাড়াও তদের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের কাছ থেকে ১১ কোটি টাকার জাল নোট এবং লাখ লাখ টাকার নকল বিদেশি মুদ্রা পাওয়া গেছে।
ঐশ্বরিয়ার ছবি বসানো পাসপোর্ট নিয়ে কী উদ্দেশ্যে ছিল তাদের, তা জানার চেষ্টা চলছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গেছে। এর পরই তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।