তরমুজের ক্ষেতে সাড়ে ১৪ মণের শাপলা পাতা মাছ

ভোলার শ্রীপুর চরে তরমুজের ক্ষেতে ধরা পড়েছে সাড়ে ১৪ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছ। পরে মাছটি আসে বরিশালের পাইকারি মাছ বাজারে। সেখানে বরিশালের ১০ জন পাইকারি ব্যবসায়ী ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন খুচরা বিক্রির উদ্দেশে।

গতকাল বুধবার ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির ঘোষণা দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভ্যানে নগরময় বিশালাকৃতির মাছটি প্রদর্শন করেন মাছ ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, গত ৩ দিন ধরে বৃষ্টির কারণে নদীতে জোয়ারের সময় ভোলার বিভিন্ন চরের তরমুজ ক্ষেত পানিতে তলিয়ে যায়। ভাটায় পানি নেমে যাওয়ার পর তরমুজ রক্ষায় চাষিরা ক্ষেতে গেলে বিশালাকৃতির একটি ‘শাপলা পাতা’ মাছ দেখতে পান।

তাদের মতে বর্ষায় কালাবদর নদীর পানি বৃদ্ধির কারণে ‘শাপলা পাতা’ মাছটি ভেসে নদী তীরবর্তী চরের তরমুজ ক্ষেতে প্রবেশ করে। পানি কমে গেলে মাছটি ক্ষেতের মধ্যে আটকা পড়ে। গতকাল বিকেলে তারা মাছটি স্পিডবোটে বরিশালের পোর্ট রোড মাছের আড়তে নিয়ে আসেন।

তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় (৩৭০ টাকা কেজি দরে) মাছটি কিনে নেন পোর্ট রোডের ১০ ব্যবসায়ী। তারা ভ্যানে নগরময় মাছটি প্রদর্শন এবং মাইকিং করেন। বুধবার মাছটি পোর্ট রোড বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দেন। পরে রাত ১২টার দিকে মাছটি কেটে টুকরো টুকরো করে বিক্রি করেনে বিক্রেতারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.