জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা

রাজধানীজুড়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা করছে পুলিশ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশনার পর রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তার এই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হওয়া এই অভিযান চলবে সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বরাত দিয়ে দেয়া নির্দেশনায় বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটনের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং সোশাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২ থেকে ১৪ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে। জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সে লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকাভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে।

এতে আরো বলা হয়, ডিএমপির সকল আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। কোনো সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠানে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে।

ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদ পূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসিকে জানাতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.