আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-টোকিও রুটে বিমানের সরাসারি ফ্লাইট চালু হচ্ছে। এই রুটে ফ্লাইট চালু হলে দু’দেশের ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি শিক্ষার্থীরাও সহজে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল আজিম।
গতকাল সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা বিমানের প্রধান অফিস বলাকা ভবনে আয়োজিত জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন ও দেশের ব্যবায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বিমান এমডি বলেন, ঢাকা-নারিতা ফ্লাইট চালু হলে সময় বাঁচবে। মাত্র ৬ ঘণ্টায় জাপানে পৌঁছাতে পারবেন যাত্রীরা। টোকিও ফ্লাইট ব্যবসা সফল করতে নেপাল, ও ভারতের যাত্রীদেরও টার্গেট করা হচ্ছে। এ ছাড়া কোড শেয়ারিংয়ের মাধ্যমে বিমানে ভ্রমণ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন যাত্রীরা। ঢাকা-নারিতা-ঢাকা রুটে ভাড়া ধরা হয়েছে প্রায় ৯৭ হাজার টাকা। বিজনেস ক্লাসে প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে নারিতা-ঢাকা-নারিতা রুটের ভাড়া কিছুটা কম ধরা হয়েছে।
শুরুতে সোম, বুধ ঢাকা থেকে নারিতা, আর নারিতা থেকে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট চলাচল করবে।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিমানের এমডি আরও বলেন, জাপানের নারিতার পর চীনের গুয়াংজু, ভারতের চেন্নাই, যুক্তরাস্ট্রের নিউইয়র্কে ফ্লাইট চলাচলের পরিকল্পনা রয়েছে।
জাপানে উদ্বোধনী ফ্লাইটটি ১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। ২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিমানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় বৈঠকে অন্যান্যর মধ্যে বিমানের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, জাপান অ্যাম্বাসির অর্থনীতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি আজুমায়া কেনজি, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আনদো, জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ঢাকার টরু মরি ও দেশের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
