নিউইয়র্কে বিস্ফোরণে সন্ত্রাসী যোগসূত্র নেই: মেয়র

cfc227a38f097bcc19a8e2775723ddcfযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯–এ পৌঁছেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র নেই বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে পুলিশের সন্দেহ, উদ্দেশ্যমূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এ বিস্ফোরণ হয়।

এএফপির খবরে জানা যায়, নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মেয়র বিল দ্য ব্লাসিও জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসাজশ নেই বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, তাঁদের ধারণা, উদ্দেশ্যমূলকভাবে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে।

ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বেশির ভাগই কাচ ও ধাতব পদার্থের আঘাতে আহত হয়েছে।

পুলিশ বলছে, হঠাৎ বিস্ফোরণের কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে।

বিবিসির খবরে জানা যায়, বিস্ফোরণস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে অগ্নিনির্বাপক বাহিনী। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে তাঁদের কানে তালা লেগে গেছে।

চেলসি ম্যানহাটনের অন্যতম আধুনিক ও সুসজ্জিত এলাকা। বার, রেস্তোরাঁ ও বিলাসবহুল আবাসিক ভবন রয়েছে সেখানে। ছুটির দিনগুলোতে সেখানে অনেক মানুষের ভিড় জমে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.