আকাশপথ আংশিকভাবে খুলেছে ইরান

শুরুর দিকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট

আকাশপথ আংশিকভাবে খুলেছে, সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট শুর

স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আংশিকভাবে আকাশপথ খুলে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা নিউজ’-এর বরাতে জানা গেছে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সীমিত পরিসরে আকাশপথ পুনরায় চালু করা হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। আজ থেকেই ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ইরানের আকাশপথ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে তেহরান। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য সংস্থাগুলো। নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত না হওয়ায় ওই রুটে জাহাজ চলাচল সীমিত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নির্ধারিত ‘নিরাপদ লেন’ ব্যবহার সাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, আকাশপথ ও সমুদ্রপথ আংশিক চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও ভ্রমণ খাতে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে, তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপরই নির্ভর করবে পূর্ণমাত্রায় স্বাভাবিক কার্যক্রমে ফেরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.